আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট উপলক্ষে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাষ্ট্রীয় গণমাধ্যমে এই ভাষণ সম্প্রচার করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রাত ৯টায় ডা. শফিকুর রহমানের এই ভাষণ একযোগে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন ও গণভোট। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে:

"একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষাপটে আমিরে জামায়াত জাতির সামনে দলের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরবেন।"

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় গণমাধ্যমে নির্বাচনী বক্তব্য প্রদানের অনুমতি চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছিল দলটি। নির্বাচন কমিশন ও বিটিভি'র বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ৮ ও ৯ ফেব্রুয়ারি প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্য সম্প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে।

এই কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!