নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর আমানতকারীরা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলসহ তিন দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। দ্রুত দাবি মানা না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের আল্টিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্তে গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনকারীদের মতে, এই সিদ্ধান্ত অমানবিক ও অন্যায্য।
১ ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করে ২০২৪ ও ২০২৫ সালের চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। ২. অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সম্মিলিত ইসলামী ব্যাংকে সব ধরনের লেনদেন স্বাভাবিক করা। ৩. মেয়াদ শেষে সঞ্চয়ের অর্থ (এফডি, ডিপিএস, এমটিডিআর) চুক্তি অনুযায়ী সময়মতো পরিশোধ করা।
বক্তারা জানান, গত দুই বছর ধরে মূলধন ও মুনাফা তুলতে না পেরে অনেক আমানতকারী পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন। ১২ মার্চের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এদিকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও স্পষ্ট করেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এসব ব্যাংকের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। গত মঙ্গলবার ব্যাংকটির প্রশাসকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই বার্তা দেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া পাঁচটি ব্যাংক— এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে।
ব্যাংকটি মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে।
এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।
প্রায় ৭৮ লাখ আমানতকারীর জন্য আমানত বিমা তহবিল থেকে ২ লাখ টাকা করে মোট ১২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!