নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তরা রেললাইনের পাত তুলে ফেলায় আন্তঃনগর 'অগ্নিবীণা' এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরের এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকা অতিক্রম করছিল। এ সময় আগে থেকে তুলে রাখা রেললাইনের কারণে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, "রাতের আঁধারে দুর্বৃত্তরা আনুমানিক ১৫ ফুট রেললাইনের পাত তুলে ফেলেছে। এর ফলে ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।"
ঘটনার পর থেকেই রেল যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বর্তমানে রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামত ও ট্রেন উদ্ধারের কাজ শুরু করেছে। লাইন সচল হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!