পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সাথে সম্পন্ন হলো হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে
মশক ও উপজেলা প্রতিযোগী বাছাই পর্ব-২০২৫।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই মহতি কার্যক্রম। উপজেলার ১৭টি মাদ্রাসার হিফজ বিভাগের প্রায় ৭শ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ আব্দুল হক (দা,বা,)। পবিত্র কুরআন তিলাওয়াতের মান উন্নয়ন ও সঠিক উচ্চারণ নিশ্চিত করতে বিশেষ ‘মশক’ পরিচালনা করেন রংপুর জোন-২ এর প্রতিনিধি হাফেজ মাওলানা আব্দুল হাকিম (দা.বা.)।
অনুষ্ঠান চলাকালীন প্রধান অতিথি উপজেলার ১৭টি মাদ্রাসার মুহতামিম ও হিফজ বিভাগের শিক্ষকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি শিক্ষকদের মানসম্মত পাঠদান নিশ্চিত করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "ইনশাআল্লাহ, সঠিক পরিচর্যা পেলে একদিন এই পার্বতীপুর থেকেই আন্তর্জাতিক মানের প্রতিযোগী তৈরি হবে এবং তারা বিশ্বমঞ্চে প্রথম পুরস্কার ছিনিয়ে এনে দেশের মুখ উজ্জ্বল করবে।
স্থানীয় আলেম-ওলামাগণ জানান, এ ধরনের আয়োজন ক্ষুদে হাফেজদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সহীহভাবে কুরআন চর্চায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবু ইউসুফ, শহিদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি হাফেজ আনোয়ারুল ও সাধারণ সম্পাদক হাফেজ রাইহানুল ইসলাম। অনুষ্ঠানটির সৌজন্যে ছিল আনোয়ারে হজ্ব কাফেলা। বিকালে প্রতিযোগীদের মাঝে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, প্রধান অতিথি দেশবাসীকে তাদের সন্তানদের কুরআনের হাফেজ ও আলেম বানানোর পরামর্শ দেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!