ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষ ও মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

নিজস্ব প্রতিবেদক, ভোলা:  ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ মোট ৪ জন নিহত হয়েছেন। লালমোহনে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন এবং বোরহানউদ্দিনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন প্রাণ হারান।

এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজার-সংলগ্ন ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার শিল্পী রানী (৫৫), তুষার দাস (২৫) এবং অটোরিকশা চালক মো. নাসিম (৪৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা সদর থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়লে অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

এদিকে দুপুর দেড়টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী রাস্তার মাথা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. সোহাগ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি টবগী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার সেলিমের ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সাথে ধাক্কা খেলে আরোহী সোহাগ ঘটনাস্থলেই মারা যান। তার সাথে থাকা সিয়াম নামে অন্য এক যুবক গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!