চলছে সেতুর সংস্কারকাজ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজের কারণে ঢাকামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২ মার্চ) ভোররাত থেকে শুরু হওয়া এই যানজটে স্থবির হয়ে পড়েছে মেঘনা ব্রিজ থেকে গজারিয়া পর্যন্ত এলাকা।

সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজের জন্য ঢাকামুখী একটি লেন বন্ধ রাখা হয়েছে। এক লেন দিয়ে গাড়ি চলায় এই দীর্ঘ জট তৈরি হয়েছে।

সাধারণ যাত্রী ও চালকরা ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে আছেন। ১০ মিনিটের পথ পাড়ি দিতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক শ্রী কৃষ্ণপদ জানান, কাজ চলমান থাকায় এক লেন দিয়ে যানবাহন চলাচল করছে। আজকের মধ্যে কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা আগে থেকে বিকল্প ব্যবস্থার দাবি জানালেও বর্তমানে মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেনে যান চলাচল প্রায় বন্ধ হয়ে আছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!