জেলা প্রতিনিধি, গাজীপুর | ২৬ জানুয়ারি ২০২৬
গাজীপুরের পূবাইলে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে মহানগরীর পূবাইল নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। তাৎক্ষণিকভাবে নিহত দুই সন্তানের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে অপেক্ষা করছিলেন। একটি চলন্ত ট্রেন আসতে দেখে তিনি হঠাৎ দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই শিশুর দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত রেললাইনে গিয়ে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এক নারী তার দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। এই আত্মহত্যার নেপথ্যে পারিবারিক কোনো কলহ বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।"
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এবং নিহত শিশুদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!