যমুনার চরে ঘোড়া জবাই করে মাংস পরিবহন: কাজিপুরে মোবাইল কোর্টে জরিমানা

লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

যমুনা নদীর চরে ঘোড়া জবাই করে গোপনে মাংস পরিবহন করে ঢাকায় নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলার মেঘাই ২য় ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন।


শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে মেঘাই ২য় ঘাটের নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোড়ার মাংস পরিবহনের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন জাইদুল (পিতা: মোয়াজ্জেম হোসেন), গ্রাম: বাগবাড়ি, থানা: গাবতলী, জেলা: বগুড়া।


মোবাইল কোর্ট পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারায় জাইদুলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাংস পরিবহনে ব্যবহৃত গাড়ির চালক মো: তারেক (পিতা: মৃত আবু), গ্রাম: পেয়ারাবাগান, থানা: কোনাবাড়ি, জেলা: গাজীপুর—কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


এ সময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য রক্ষা ও অবৈধ পশু জবাই বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


অভিযান শেষে জব্দকৃত মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!