কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ২৪ জানুয়ারি ২০২৬ রাজধানীর রায়েরবাজার ও বসিলা এলাকায় কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ১৮ জন অপরাধীকে আটক করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত এই সাঁড়াশি অভিযান চালানো হয়। বসিলা সেনা ক্যাম্পের একটি চৌকস দল রায়েরবাজারের 'ক্যান্সার গলি' ও এর আশপাশের এলাকায় এই কার্যক্রম পরিচালনা করে।

অভিযানে আটককৃতরা হলেন— শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯)।

আটককৃতদের কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত ও মাদক সংক্রান্ত নিম্নোক্ত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে:

অস্ত্র: ১২টি ধারালো তলোয়ার, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুঠার এবং ২টি সামুরাই। মাদক: ১২৫ পুরিয়া গাঁজা। অন্যান্য: ১৩টি স্মার্টফোন এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার ২০০ টাকা।

অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে রায়েরবাজার ও মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসা, ছিনতাই এবং চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আটককৃতদের এবং উদ্ধারকৃত মালামাল মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!