নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনানীতে জুমার নামাজ আদায় শেষে এক অন্যরকম আবহে ধরা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একদল শিশু-কিশোরের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। এসময় শিশুদের সারল্যমাখা প্রশ্নের জবাবে মেতে ওঠেন হাসিতে।
উপস্থিত শিশুদের মধ্যে একজন কৌতূহলবশত প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বসে, ‘আঙ্কেল, আপনি কি রোজা রাখেন?’ প্রধানমন্ত্রী হেসেই শিশুটির সঙ্গে হাত মিলিয়ে উত্তর দেন, ‘হ্যাঁ, আমি তো রোজা রাখি।’
এরপর একে একে অন্য শিশুদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি। এক শিশু গর্ব করে বলে, ‘আঙ্কেল, আজকেরটা ছাড়া আমি সব রোজা রেখেছি।’ শুনে প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে আদর করেন। আরেক শিশু যখন দাবি করে সে সবগুলো রোজা রেখেছে, প্রধানমন্ত্রী তাকে উৎসাহ দিয়ে বলেন, ‘ভেরি গুড!’
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জুমার নামাজে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও মহিলাদের জন্য নির্ধারিত স্থানে নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে সময় কাটানোর পর ডা. জুবাইদা রহমান মসজিদ থেকে বের হলে তিনি শিশুদের হাত নেড়ে বিদায় জানিয়ে গাড়ির দিকে রওনা হন।
প্রধানমন্ত্রীর এমন সাধারণ ও অমায়িক আচরণে উপস্থিত শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!