নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নির্ধারিত সময়সীমা শেষ হতে আর মাত্র দুই দিন বাকি থাকলেও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য সৌদি আরবে বাড়ি ভাড়ার কাজ এখনো বড় অংশই বাকি। হজ এজেন্সিগুলোর এমন গাফিলতিতে শেষ পর্যন্ত হজযাত্রীদের হজে যাওয়া নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে আগামী ২৯ জানুয়ারির মধ্যে মক্কা ও মদিনায় শতভাগ বাড়ি ভাড়া সম্পন্ন করার জন্য লিড এজেন্সিগুলোকে কঠোর নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ৩০টি লিড এবং ৬৩০টি সমন্বয়কারী হজ এজেন্সির কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরব যাবেন।
নুসুক মাসার প্ল্যাটফর্মের ২৬ জানুয়ারির রিপোর্ট অনুযায়ী বাড়ি ভাড়ার অগ্রগতির চিত্র অত্যন্ত হতাশাজনক, মক্কায়: মাত্র ৩৭.২৫ শতাংশ বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। মদিনায় মাত্র ৪৬.৭৫ শতাংশ বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। ৩০টি লিড এজেন্সির মধ্যে মক্কা ও মদিনায় মাত্র একটি করে এজেন্সি শতভাগ কাজ শেষ করেছে। একটি এজেন্সি এখনো কাজ শুরুই করেনি।
নিবন্ধিত হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া না করায় ‘কালকিনী হজ ট্রাভেলস’ (লাইসেন্স নং-১৫১৫) এর কাছে ব্যাখ্যা তলব করেছে মন্ত্রণালয়। এই এজেন্সির অধীনে ৩৪ জন হজযাত্রী থাকলেও কোনো অগ্রগতি হয়নি। এজেন্সির পক্ষ থেকে হজযাত্রীরা টাকা না দেওয়ার অজুহাত দেখানো হলেও মন্ত্রণালয় একে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করছে। কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৮ জানুয়ারির মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ২৯ জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট এজেন্সির ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়বে। কোনো সমন্বয়কারী এজেন্সি যদি লিড এজেন্সিকে সহযোগিতা না করে, তবে তা অবিলম্বে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!